আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটা কলেজে প্রাক্তন ছাত্র তথা অধ্যাপককে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

Published on: September 17, 2026
---Advertisement---

দিনহাটা, ১৭ সেপ্টেম্বরঃ পুরনো কলেজে অধ্যাপকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন ছাত্র। সেই সাক্ষাৎই আচমকা বদলে গেল আতঙ্কে। কলেজ চত্বরের মধ্যেই তাঁকে ঘিরে কয়েক জন যুবকের হামলার অভিযোগ উঠল। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মারধরের অভিযোগে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপক তথা দিনহাটা কলেজের প্রাক্তন ছাত্র সঞ্জীব কর্মকার।

সঞ্জীবের পরিচিত মহল সূত্রে জানা গিয়েছে, ছাত্রজীবনে দিনহাটা কলেজের এসএফআই ইউনিটের সভাপতি ছিলেন তিনি। এদিন দিনহাটা কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপকদের সঙ্গে দেখা করতেই কলেজে এসেছিলেন সঞ্জীব। অভিযোগ, সেই সময়ই কয়েক জন যুবক তাঁর কাছে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি বেগতিক দেখে কোনও রকমে কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে আশ্রয় নেন সঞ্জীব। পরে কলেজের অধ্যক্ষ দিনহাটা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ কলেজ চত্বরে পৌঁছয়। পুলিশের উপস্থিতিতে সঞ্জীবকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, পুলিশ কলেজে পৌঁছনোর আগেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। ঠিক কী কারণে ওই অধ্যাপকের উপর হামলার অভিযোগ উঠল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়েও কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।

বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঞ্জীব কর্মকার। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমে হামলার কারণ এবং অভিযুক্তদের পরিচয় খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

কলেজের ভিতরে এক অধ্যাপকের উপর হামলার অভিযোগ ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে এমন ঘটনা ঘটলে ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment