শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ বারবার আলো যাচ্ছে। কখনও মিনিট, কখনও দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকছে শিলিগুড়ির একাধিক এলাকা। ঘনঘন এই বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা এমন অভিযোগ তুলে এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) দ্বারস্থ হল সিপিএম। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে মিলনপল্লি সেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছে দলের শিলিগুড়ি এরিয়া কমিটি নম্বর ৪।
১৬ সেপ্টেম্বরের ওই চিঠিতে দেশবন্ধুপাড়া, টিকিয়াপাড়া, বাবুপাড়া, মিলনপল্লি-সহ একাধিক এলাকার বিদ্যুৎ পরিষেবার সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সিপিএমের দাবি, ঘনঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা। একই সঙ্গে বয়স্ক ও অসুস্থ মানুষজনকেও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ দলের।
শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। দলের দাবি, শহরের বিভিন্ন এলাকায় সরকারি গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের উপর বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে। কয়েকটি জায়গায় ট্রান্সফরমারের অবস্থাও বিপজ্জনক বলে অভিযোগ। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে দ্রুত ওই এলাকাগুলি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
সিপিএমের বক্তব্য, মেরামতির কাজের কথা বলা হলেও দীর্ঘদিন ধরে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানানো হয়েছে।
এখন নজর সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরের পদক্ষেপের দিকে। ঘনঘন বিভ্রাটের কারণ চিহ্নিত করে কবে পরিষেবা স্বাভাবিক হয়, সেই প্রশ্নই থাকছে।





