কলকাতা, ১৫ সেপ্টেম্বরঃ ভোটের ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের সেই খুনের তদন্ত এখনও শেষ হয়নি। তার মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে নতুন করে সেই পুরনো ক্ষত উস্কে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চন্দ্রনাথের মা হাসিরানি রথের মনোনয়নকে সামনে রেখে বিস্ফোরক দাবি করলেন তিনি খুনের নেপথ্যে রয়েছে ‘ভাইপো গ্যাং’, দেওয়া হয়েছিল ২ কোটি টাকার সুপারি।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ৪ মে। তার দু’দিন পর, ৬ মে, বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। শুভেন্দুর সর্বক্ষণের সঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রনাথের মৃত্যুতে তৎকালীন রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়। পরে তদন্তভার নেয় সিবিআই। এখনও পর্যন্ত ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে মূল ষড়যন্ত্রের নেপথ্যে কারা, সেই প্রশ্নের উত্তর অধরাই।
সেই জায়গাতেই মঙ্গলবার নতুন করে আক্রমণ শানান শুভেন্দু। তাঁর দাবি, ‘‘আমার কাছে যা খবর আছে, তাতে ঘটনার পিছনে ভাইপো গ্যাং রয়েছে। শুটারদের ২ কোটি টাকা দেওয়া হয়েছিল।’’ শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের একাধিক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ডিং শোনার দাবিও করেছেন তিনি। তবে মামলা বিচারাধীন হওয়ায় সব তথ্য প্রকাশ করছেন না বলেও জানান মুখ্যমন্ত্রী।
অভিযোগের নিশানায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুর এই দাবি এখনও তদন্ত বা আদালতের কোনও চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়নি। ফলে রাজনৈতিক অভিযোগ আর তদন্তের তথ্য দুইয়ের সীমারেখা নিয়েও প্রশ্ন থাকছে।
আর এই বিস্ফোরক মন্তব্যের সময়টিও তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী চন্দ্রনাথের মা হাসিরানি। মনোনয়ন জমা দেওয়ার দিনেই ছেলের হত্যার প্রসঙ্গ তুলে আবেগ এবং রাজনীতিকে এক বিন্দুতে এনে দাঁড় করালেন শুভেন্দু।
ঋতপন্থী তৃণমূলের বিধায়ক মদন মিত্র অবশ্য শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রীর এমন কথা বলার কথা নয়। তাঁর দাবি, সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, তা অত্যন্ত দুঃখজনক।
ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে চন্দ্রনাথের হত্যাকাণ্ড ফের বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। ভোটের ময়দানে অভিযোগ-পাল্টা অভিযোগ যতই বাড়ুক, খুনের নেপথ্যের প্রকৃত সত্য এখনও তদন্তের অপেক্ষাতেই।





