মাথাভাঙা, ২ সেপ্টেম্বর : এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে দায়িত্ব পাওয়ায় আইনজীবী কৌশিক ভদ্রকে সংবর্ধনা জানাল মাথাভাঙা বার অ্যাসোসিয়েশন। বুধবার মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম কুমার বর্মন বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের আমলের পিপি প্যানেল সরিয়ে বর্তমানে ভারতীয় জনতা পার্টির পিপি প্যানেলের দায়িত্ব পেয়েছেন কৌশিক ভদ্র। সেই খুশিতেই তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে।’’
বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আইনজীবী হিসেবে কৌশিক ভদ্রের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তাঁরা। আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি আইনজীবী মহলের সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সংবর্ধনা পেয়ে কৌশিক ভদ্র বলেন, এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার কথাও জানান তিনি।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশও ফুটে ওঠে। নতুন দায়িত্বে কৌশিক ভদ্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত আইনজীবীরা।





