শিলিগুড়ি, ৯ আগস্টঃ প্রতিষ্ঠা দিবসকে শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিল দার্জিলিং জেলা যুব কংগ্রেস। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়ির ভেনাস মোড়ে আয়োজন করা হল রক্তদান শিবির। শিবির ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।
রবিবার আয়োজিত এই শিবিরে এখনও পর্যন্ত প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। সংগৃহীত রক্ত ‘হোপ অ্যান্ড হিল’ এবং ‘তরাই লাইনস ক্লাব’-এর হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনের সময়ে এই রক্ত যাতে মানুষের কাজে আসে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। রোহিতের বক্তব্য, রাজনৈতিক সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে সাধারণ মানুষ, কৃষক এবং ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তাই এই কর্মসূচির মাধ্যমে দেওয়া হয়েছে।
শুধু রাজনীতির ময়দান নয়, সামাজিক ক্ষেত্রেও সংগঠনের ভূমিকা আরও জোরদার করার বার্তা দেওয়া হয় এ দিন। রক্তের প্রয়োজন যে কোনও মুহূর্তে তৈরি হতে পারে। তাই এমন উদ্যোগে আরও বেশি মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান যুব কংগ্রেস নেতৃত্ব।
প্রতিষ্ঠা দিবসে রক্তদানের এই কর্মসূচির মাধ্যমে মানবিকতার বার্তাই সামনে আনতে চাইল দার্জিলিং জেলা যুব কংগ্রেস।





