কলকাতা, ২ আগস্টঃ রবীন্দ্রসদনের সেই অস্বস্তিকর সন্ধ্যার রেশ কাটেনি এখনও। তসলিমা নাসরিনের সংবর্ধনা মঞ্চে উঠে দর্শকদের একাংশের বিক্ষোভের মুখে মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছিল কবি জয় গোস্বামীকে। ঘটনার এক দিন পর রবিবার মুখ খুলে বিস্ময়ের বদলে আত্মসমালোচনার সুরেই প্রতিক্রিয়া জানালেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা আমাকে ধিক্কার দিয়েছেন, তাঁরা ভুল করেননি। তবু তসলিমা আবার ডাকলে আবারও যাব। আবার অপমানিত হলেও যাব।”
জয় গোস্বামীর কথায়, গত দেড় দশকে তসলিমা নাসরিনের দেশে ফেরার প্রশ্নে তিনি প্রকাশ্যে কোনও অবস্থান নেননি। সেই কারণেই তাঁর মনে হয়েছে, ওই মঞ্চে ওঠার নৈতিক অধিকার তাঁর ছিল না। সুযোগ পেলে মঞ্চে দাঁড়িয়ে সেই কথাই বলতেন এবং তসলিমাকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করতেন বলেও জানান তিনি।
শনিবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তসলিমা নাসরিন দর্শকাসনে বসে থাকা জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানান। কবি আসন ছেড়ে এগোতেই দর্শকদের একাংশের প্রবল আপত্তি ও হইচই শুরু হয়। পরিস্থিতি বুঝে জয় গোস্বামী আর মঞ্চে না উঠে নিজের আসনে ফিরে যান। কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর তসলিমা নাসরিনও প্রকাশ্যে জানান, বিষয়টি তাঁকে ব্যথিত করেছে এবং তিনি এমন প্রতিক্রিয়া আশা করেননি। অন্যদিকে জয় গোস্বামী বলেন, তসলিমার মুখের অভিব্যক্তি দেখেই তিনি বুঝেছিলেন, এই পরিস্থিতি তাঁকে আরও বিব্রত করবে। তাই অনুষ্ঠানকে অশান্ত না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তবে বিতর্কের মধ্যেও তসলিমার প্রতি নিজের শ্রদ্ধার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কবি। তাঁর কথায়, মতভেদ বা অপমান যাই হোক, তসলিমা নাসরিনের প্রতি সম্মান অটুট থাকবে। আর তিনি যদি আবারও ডাকেন, একইভাবে সাড়া দেবেন ফল যা-ই হোক না কেন।





