কলকাতা, ২ জুলাই: নারী নিরাপত্তা ও সাইবার অপরাধ মোকাবিলায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। পাশাপাশি প্রতিটি থানায় ২৪ ঘণ্টার সাইবার হেল্পডেস্ক এবং মহিলা সহায়তা কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাঁর বক্তব্য, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ৫০০টি থানায় ২৪ ঘণ্টা চালু থাকবে মহিলা হেল্পডেস্ক। সেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীরা গার্হস্থ্য হিংসা, অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন। অন্যদিকে মোটরবাইকে টহল দেওয়া ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’-এর মহিলা পুলিশকর্মীরা রাস্তাঘাটে মহিলাদের উত্যক্ত বা হেনস্তার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবেন। বসিরহাট, বনগাঁ ও বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে অত্যাধুনিক মোটরবাইক এবং রিয়েল-টাইম অডিও-ভিডিয়ো ট্রান্সমিশন ব্যবস্থাও চালু করা হচ্ছে।
সাইবার প্রতারণা রোধেও বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক চালুর পাশাপাশি ১৯৩০ হেল্পলাইন নম্বর ও সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের দাবি, প্রতারণার পর দ্রুত অভিযোগ জানানো গেলে অর্থ উদ্ধারের সম্ভাবনা অনেকটাই বাড়ে।
মুখ্যমন্ত্রী পুলিশকে আইন মেনে নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশকর্মীদের উপর হামলা বা বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।





