নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত বিল পেশ হওয়ার জোর জল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই পথে হাঁটল না রাজ্য সরকার। বিলটি নিয়ে আরও বিস্তৃত আলোচনা এবং আইনি পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সরকার। সেই কারণেই ইউসিসি-র বিভিন্ন ধারা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই কমিটির নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকে আনার বিষয়ে আলোচনা চলছে।
সোমবার বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হলেও ইউসিসি বিল তালিকাভুক্ত থাকা সত্ত্বেও তা আর আনা হয়নি। সরকার সূত্রের দাবি, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তাড়াহুড়ো করে আইন প্রণয়নের বদলে সব দিক বিচার করেই এগোতে চায় প্রশাসন। বিভিন্ন সম্প্রদায়ের মতামত, সাংবিধানিক দিক এবং রাজ্যের সামাজিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত খসড়া তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইয়ের সঙ্গে সরকারের প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই হয়েছে। আরও একদফা বৈঠকের পর কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর নাম চূড়ান্ত হতে পারে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রেও তিনিই বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে ছিলেন। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।
প্রশাসনিক সূত্রের মতে, পশ্চিমবঙ্গের জনবিন্যাস, সামাজিক বৈচিত্র্য এবং আইনি জটিলতার নিরিখে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করাই সরকারের লক্ষ্য। তাই বিভিন্ন মহলের মতামত সংগ্রহ করে এবং প্রয়োজনীয় সংশোধন সেরে তবেই বিলটি বিধানসভায় পেশ করা হবে। তবে সেই প্রক্রিয়া শেষ হতে কতটা সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়।
ফলে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থান স্পষ্ট থাকলেও, আইন প্রণয়নের ক্ষেত্রে আপাতত সতর্ক কৌশলই বেছে নেওয়া হয়েছে। বিস্তৃত পর্যালোচনা ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই আগামী দিনে বিলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।





