নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই বেকারদের জন্য বড় ঘোষণা। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সোমবার ‘ভরসা’ প্রকল্প চালুর কথা জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের আওতায় স্নাতক বেকাররা প্রতি মাসে ৩ হাজার টাকা এবং স্নাতক নন এমন আবেদনকারীরা ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের অক্টোবর মাস থেকেই এই প্রকল্প কার্যকর হবে বলে বাজেটে জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘ভরসা’ প্রকল্পে আবেদন করতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি, অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধাভোগী হলে এই প্রকল্পের টাকা মিলবে না বলেও স্পষ্ট করা হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে চাকরিপ্রার্থীদের মধ্যে বেকারভাতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণার পর তা অনেকটাই কাটল বলে মনে করছে প্রশাসনিক মহল।
শুধু বেকারদের জন্য আর্থিক সহায়তাই নয়, এ দিনের বাজেটে ছাত্রছাত্রীদের জন্যও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারি ও সরকার-পোষিত কলেজের পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বিবেকানন্দ স্কলারশিপের আওতায় মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে আরও বেশ কিছু বড় পদক্ষেপের কথা জানানো হয়েছে বাজেটে। রাজ্যে থ্রি-ডি অ্যানিমেশন কোর্স চালু করা, একটি স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তোলা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ এবং আদর্শ বিদ্যালয় গড়ার জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্যও ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ফলে প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একদিকে যেমন বেকারদের জন্য সরাসরি আর্থিক সহায়তার বার্তা দেওয়া হল, তেমনই শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও জোর দিল বিজেপি সরকার।





