নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি: বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা গ্রামে। বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকে নগদ টাকা-সহ মূল্যবান কাসার সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার তাঁর স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে ফিরেছিলেন। রবিবার সন্ধ্যায় বাড়ির মূল দরজা খুলতেই ঘরের ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। আলমারি ও অন্যান্য সামগ্রী তছনছ অবস্থায় দেখে প্রথমেই তাঁদের সন্দেহ হয়, বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
কিরণবালা রায়ের অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির পিছনের দিকের টিন কেটে ভিতরে ঢোকে। পরে দরজার তালা ভেঙে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি চালায়। তাঁর দাবি, বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র, কিছু নগদ টাকা-সহ একাধিক সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। যদিও মোট কত টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই চুরির সঙ্গে জড়িত, কী ভাবে পরিকল্পনা করে বাড়িতে ঢোকা হল এবং ঠিক কত পরিমাণ সম্পত্তি খোয়া গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করুক পুলিশ।





