কলকাতা, ১৯ জুনঃ বহুদিন ধরে তলব এড়ানোর পর অবশেষে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার হলেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার চক্রের সঙ্গে আর্থিক যোগসাজশ এবং ঘুষের টাকার লেনদেন সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি করা হয় মনোরঞ্জন মণ্ডলকে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এরপরই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের দাবি, বারাবনি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার সময় কয়লা পাচার চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ঘুষের টাকা তাঁর কাছে পৌঁছত। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টেও এমন অভিযোগের উল্লেখ করা হয়েছিল। সেখানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ জমার তথ্য, লেনদেনের নথি এবং অন্যান্য আর্থিক তথ্য তুলে ধরা হয় বলে জানা গেছে।
এর আগে একাধিকবার তাঁকে তলব করলেও তিনি ইডি দপ্তরে হাজির হননি। বারবার অনুপস্থিত থাকার কারণে চলতি বছরের মার্চ মাসে তাঁর দুর্গাপুরের বাড়িতেও অভিযান চালায় ইডি। তবে সেই সময় বাড়িতে কাউকে না পেয়ে তদন্তকারীরা নোটিস টাঙিয়ে ফিরে যান।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ২০২৪ সালে মনোরঞ্জন মণ্ডলকে ওসি পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি তদন্তকারীদের নজরে ছিলেন।
কয়লা পাচার মামলায় এই গ্রেপ্তারিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তদন্তকারী মহল। ইডির অনুমান, মনোরঞ্জন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্র, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এখন তাঁকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।





