কলকাতা, ১৫ জুনঃ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এই দলের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে সোমবার সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এনসিপিআইয়ের নতুন ফেসবুক পেজ, যেখানে বিদ্রোহী সাংসদদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী দলগুলির মধ্যে বর্তমানে এনসিপিআই-ই সবচেয়ে বড় শক্তি। একটি গ্রাফিক্সের মাধ্যমে দলের পক্ষ থেকে দেখানো হয়েছে যে, তাদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছেন। পাশাপাশি বিজেপির ১২ জন, তৃণমূলের ৮ জন এবং কংগ্রেসের একজন সাংসদ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এনসিপিআইয়ের পেজে বিদ্রোহী সাংসদদের উদ্দেশে পৃথক পৃথক স্বাগত বার্তাও প্রকাশ করা হয়েছে। এক পর্যায়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা হিসেবে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, রাজনৈতিক সূত্রে খবর, বিদ্রোহী ২০ জন সাংসদ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ‘ডেভেলপমেন্ট অফ বেঙ্গল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন। আগামী দিনের সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিদ্রোহী সাংসদরা সম্প্রতি লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে এনসিপিআইয়ের সঙ্গে নিজেদের যুক্ত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এখন এই নতুন রাজনৈতিক সমীকরণ আগামী দিনে কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।





