শিলিগুড়ি, ১৫ জুনঃ সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা আরও সহজ ও সরলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিলিগুড়িতে শুরু হল জনকল্যাণ শিবির। সোমবার শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ইন্ডোর স্টেডিয়ামে শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর বোরো অফিসের উদ্যোগে এই শিবিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।
শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয়। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বহু প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা ও আবেদন নিয়ে শিবিরে উপস্থিত হন।
এদিন মন্ত্রী শঙ্কর ঘোষ শিবিরে ঘুরে ঘুরে পরিষেবা গ্রহণ করতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। বিশেষ করে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যায় পড়া কয়েকজন প্রবীণের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন তিনি। তাঁদের সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং আবেদনকারীদের সঠিক পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
শিবিরে প্রশাসনিক পরিষেবার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত মানুষদের হাতে গাছের চারা তুলে দেন ডঃ শঙ্কর ঘোষ। তিনি বলেন, পরিবেশ রক্ষা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই প্রত্যেক মানুষের উচিত প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া।
মন্ত্রী সকলকে নিজেদের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে সন্তানের মতো যত্ন করে বড় করে তোলারও বার্তা দেন তিনি। জনকল্যাণমূলক পরিষেবা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে আয়োজিত এই শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।





