শিলিগুড়ি, ১৫ জুনঃ শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল শিলিগুড়ি পৌর নিগম। সোমবার সকালে মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলের অংশ বিশেষ ভেঙে ফেলা হয় পৌরসভার উদ্যোগে। অভিযোগ, হোটেলটির পিছনের অংশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) সরকারি জমির মধ্যে বেআইনিভাবে প্রবেশ করেছে।
পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় সোমবার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে সকাল থেকেই শুরু হয় বুলডোজার অভিযান। অভিযানের সময় এলাকায় কৌতূহলী মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।
তবে পৌরসভার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন হোটেলের মালিক মুকেশ পোদ্দার। তাঁর দাবি, মাত্র এক ইঞ্চি জমি দখলের অভিযোগ দেখিয়ে বাস্তবে অনেক বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। এর ফলে ভবনের গুরুত্বপূর্ণ পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি আরও জানান, এই হোটেলের উপরই তাঁর পরিবারের জীবিকা নির্ভরশীল। ফলে এই ধরনের পদক্ষেপে তাঁরা চরম আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।
মুকেশ পোদ্দারের অভিযোগ, অভিযানের আগে তাঁকে নতুন করে কোনও নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই পৌরসভার কর্মীরা এসে ভাঙচুর শুরু করেন। পাশাপাশি তিনি পৌর নিগমের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পাশের একটি বেসরকারি হোটেলের অংশও নির্ধারিত সীমানার বাইরে রয়েছে, অথচ সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হোটেল মালিক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আইনি লড়াইও শুরু করবেন। ফলে মাল্লাগুড়ির এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আগামী দিনে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।





