নদিয়া, ২৮ মেঃ শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ফের নদিয়া জেলা সফরে গিয়ে পৌঁছালেন মায়াপুর ইস্কন-এ। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ইস্কন মায়াপুরে গেলেন তিনি। দু’দিন আগেই কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেছিলেন শুভেন্দু
ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি। সকাল ১১টা নাগাদ মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর তিনি সরাসরি যান ইস্কনের গোশালায়, যেখানে গোমাতার বিশেষ পুজো, সেবা এবং খাওয়ানোর কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে তিনি চন্দ্রোদয় মন্দিরে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞানুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে মতবিনিময় সভাতেও অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কীর্তনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান ইস্কনের সদস্যরা।
ইস্কনের মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস জানান, “মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার ইস্কনে এসেছেন। তিনি গো-সেবা ও যজ্ঞে অংশ নিয়েছেন এবং ইস্কনের কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন।”
রাজনৈতিক মহলের মতে, এই সফরের আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও মায়াপুর ইস্কনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার আগে সম্প্রতি বেলুড় মঠ সফরেও গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।





