হাওড়া, ২৫ মেঃ একসময় উত্তর হাওড়া এলাকায় যার নাম শুনলেই আতঙ্ক ছড়াত, সেই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে এবার পুলিশের সঙ্গে মাথা নিচু করে ঘুরতে দেখা গেল ভরা বাজারে। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি ও অন্তর্বাস, নেড়া মাথায় পুলিশের পাহারায় উত্তর হাওড়ার বিভিন্ন অলিগলি ঘোরানো হয় তাকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধৃত আকাশ সিং-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়া এলাকায় বোমাবাজি, দখলদারি, হামলা-সহ বিভিন্ন অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছিল। তার বিরুদ্ধে কমপক্ষে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। ২০২১ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও আকাশের নাম উঠে আসে।
স্থানীয়দের দাবি, একসময় এলাকায় কার্যত ‘ত্রাস’ হিসেবেই পরিচিত ছিল সে। অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ জানাতে ভয় পেতেন। এমনকি পুলিশও তাকে গ্রেপ্তার করতে দীর্ঘদিন ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই মত স্থানীয়দের একাংশের।
চলতি মাসের শুরুতে অবশেষে আকাশ সিংকে গ্রেপ্তার করে হাওড়া পুলিশ। রবিবার ২০২১ সালের হামলার ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে উত্তর হাওড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেই সময়ই পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বাজার ও রাস্তায় তাকে ঘোরানো হয়।
যে আকাশ সিংকে এতদিন এলাকার মানুষ ভয় পেতেন, এদিন তাকে মাথা নিচু করে পুলিশের সঙ্গে হাঁটতে দেখে অনেকেই অবাক হয়ে যান। কেউ কেউ আবার সেই দৃশ্য দেখে মুচকি হাসতেও দেখা যায়। স্থানীয়দের কথায়, “সময় বদলেছে, এখন আইন নিজের কাজ করছে।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশকে কড়া বার্তা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষ করে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর থেকেই রাজ্যজুড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর হাওড়া জুড়ে এখন তুমুল চর্চা চলছে।





