শিলিগুড়ি, ২৫ মেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খড়িবাড়িতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনায় খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
অভিযোগ, খড়িবাড়ির বিন্নাবাড়ি পঞ্চায়েতের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা মুন্না সিং একটি ভিডিওতে প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী-সমর্থকরা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান।
এই ঘটনায় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক অনিল কুমার রায়-সহ একাধিক নেতা-কর্মী খড়িবাড়ি থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, দেশের প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে খড়িবাড়ি থানার পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক সহযোগীকেও আটক করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।




