শীতলকুচি, ২১ মেঃ শীতলকুচি এলাকার ২৪৮ নম্বর বুথে কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মতিলাল বর্মনের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মিছিল করে তাঁর বাড়ির সামনে পৌঁছে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায় করা হত। আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন এলাকাবাসী। তাদের দাবি, এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।
বিক্ষোভকারীরা স্লোগান তুলে প্রশ্ন তোলেন, “এখন কোথায় মতিলাল বর্মন? কেন মানুষের সামনে আসছেন না?” স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পেতে বাধ্য হয়ে অনেকেই টাকা দিয়েছেন। প্রতিবাদ করলেই চাপ সৃষ্টি করা হত বলেও দাবি তাদের।
ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে পরে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মতিলাল বর্মনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





