দক্ষিণ ২৪ পরগনার, ২১ মেঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস-কে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ৩০ জুন পর্যন্ত বিধায়কের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্ত প্রক্রিয়া চলবে এবং তদন্তকারীদের সবরকম সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে আদালত।
গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই ক্যানিং এলাকায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়। ইতিমধ্যেই ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই গ্রেপ্তারির আশঙ্কায় ছিলেন পরেশরাম দাস।
এদিন আদালতে বিধায়কের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মিথ্যা মামলা সাজানো হয়েছে। তিনি জানান, দায়ের হওয়া ছয়টি এফআইআরের মধ্যে পাঁচটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়কার।
অন্যদিকে রাজ্যের আইনজীবী আদালতে জানান, বিধায়কের বিরুদ্ধে জমি দখল ও হিংসা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত রক্ষাকবচ দিলেও তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ প্রসঙ্গে পরেশরাম দাস বলেন, “আদালতের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নির্দোষ বলেই আদালত এই নির্দেশ দিয়েছে।”





