শিলিগুড়ি, ২১ মেঃ শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বুধবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় মঠ থেকে প্রায় ৩০টি পিতলের গোপাল মূর্তি এবং পুজোর কাজে ব্যবহৃত একাধিক কাঁসার বাসন চুরি হয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে।
সূত্রের খবর, বুধবার রাত প্রায় ২টো নাগাদ দুষ্কৃতীরা মঠে ঢুকে এই চুরির ঘটনা ঘটায়। সকালে মঠের সদস্যরা বিষয়টি জানতে পেরে শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, দীর্ঘদিনের এই ধর্মীয় প্রতিষ্ঠানে আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। এই ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের তদন্তের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
কাউন্সিলর আরও বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকাসক্তদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই চুরির ঘটনার পিছনে নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হাত থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।





