শিলিগুড়ি,২১ মেঃ মাটিগাড়াকে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল মাটিগাড়া নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যুবক-যুবতী ও স্থানীয় বাসিন্দারা। সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এদিন মাটিগাড়া থানার সামনে থেকে পদযাত্রার সূচনা হয়। এরপর খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মাটিগাড়া থানার সামনে এসে শেষ হয় এই মিছিল। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। “ড্রাগস মুক্ত হোক সমাজ”, “নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”, “যুবসমাজকে বাঁচান” এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
আয়োজকদের বক্তব্য, বর্তমানে যুবসমাজের একাংশ নেশার কবলে পড়ে ভবিষ্যৎ নষ্ট করছে। তাই শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর না করে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বানও জানান তারা।
মাটিগাড়া নাগরিক মঞ্চের সদস্যরা জানান, আগামী দিনেও এই ধরনের সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সমাজ থেকে মাদক দূর করতে সকলকে একসঙ্গে কাজ করার বার্তাই তুলে ধরা হয় এদিনের পদযাত্রা থেকে।





