কোচবিহার, ২১ মেঃ রাজ্যে পালাবদলের পর এবার নিউ কোচবিহার এলাকায় শুরু হল বড়সড় উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার রেল দপ্তরের উদ্যোগে বুলডোজার চালিয়ে ফুটপাত ও রেলের জমি দখল করে তৈরি হওয়া একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অভিযানে রেল কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত ছিল প্রশাসন ও পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চালানো হচ্ছিল। এছাড়াও অবৈধভাবে তৈরি হওয়া বিভিন্ন দোকানপাট, ক্লাবঘর এবং কয়েকটি রাজনৈতিক দলের পার্টি অফিসও এই অভিযানে ভেঙে দেওয়া হয়।
রেল দপ্তরের দাবি, বহুবার সতর্ক করার পরও দখলদাররা জায়গা খালি করেননি। তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।





