শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকার জয়ন্তিকা চা বাগানে তিনটি চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চা বাগানের শ্রমিকরা প্রথম শাবকগুলিকে দেখতে পান বলে জানা গিয়েছে। এরপরই খবর দেওয়া হয় বনদফতরে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোষপুকুর বনদফতরের কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। একইসঙ্গে শাবকগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বনদফতরের পক্ষ থেকে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়।
পরে সেই ট্র্যাপ ক্যামেরাতেই ধরা পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। দেখা যায়, মা চিতাবাঘটি গভীর রাতে এসে একে একে তিনটি শাবককে মুখে করে নিরাপদ ডেরায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বনকর্মীদের মতে, শাবকগুলি কিছু সময়ের জন্য মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে মা চিতার ফিরে আসায় স্বস্তি ফিরেছে বনদফতরের মধ্যে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শাবকগুলি নিরাপদেই রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, চা বাগান সংলগ্ন জঙ্গল এলাকায় বন্যপ্রাণীর চলাচল নতুন কিছু নয়। তবে শাবকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। যদিও বনদফতরের তরফে সকলকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ শাবকগুলির কাছে যাওয়ার চেষ্টা না করেন বা ছবি তুলতে ভিড় না করেন।





