কলকাতা, ১৮ মে : রাজ্যে মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করল বিজেপি সরকার। এবার থেকে দূরপাল্লার সরকারি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই সুবিধা শুধুমাত্র স্থানীয় বাসে সীমাবদ্ধ থাকবে নাকি দূরপাল্লার বাসেও কার্যকর হবে, তা নিয়ে ধন্দ ছিল। সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী জানান, আগামী ১ জুন থেকেই রাজ্যের সমস্ত মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
মন্ত্রী বলেন, “মহিলাদের আর সরকারি বাসে কোনও ভাড়া দিতে হবে না। স্থানীয় কিংবা দূরপাল্লার সব সরকারি বাসেই এই সুবিধা কার্যকর হবে।” সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বহু মহিলা যাত্রী। এক বাসযাত্রী দিয়া দেবনাথ বলেন, “এই সিদ্ধান্তে সাধারণ মহিলারা অনেকটাই উপকৃত হবেন। প্রতিদিনের যাতায়াতের খরচ অনেকটাই কমবে।”
যদিও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যে সরকারি বাসের সংখ্যাই পর্যাপ্ত নয়। আগে বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত।” এর জবাবে অগ্নিমিত্রা পল জানান, আপাতত নতুন সরকারি বাস বাড়ানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যতে একাধিক ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
নারী ক্ষমতায়নকে সামনে রেখে সরকার গঠনের পর থেকেই একাধিক পদক্ষেপ করছে বিজেপি সরকার। সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ দুই প্রতিশ্রুতি কার্যকর করার পথে হাঁটল রাজ্য। এদিন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরা সকলেই আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসিক ৩ হাজার টাকা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টালও চালু করা হবে।
রাজনৈতিক মহলের মতে, নারী ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করতেই একের পর এক জনমুখী প্রকল্পে জোর দিচ্ছে নতুন সরকার।





