কলকাতা, ১৮ মে: রাজ্যে নারী নির্যাতনের ঘটনাগুলির তদন্তে বড় পদক্ষেপ নিল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ঘোষণায় গঠিত নতুন তদন্ত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন আইপিএস আধিকারিক দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তে দক্ষতার পরিচয় দেওয়া এই দুঁদে পুলিশ আধিকারিককে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় ফেরানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সন্দেশখালি, কসবা, বগটুই-সহ রাজ্যের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি-র নেতৃত্বে গঠিত ওই কমিটিতে তদন্তকারী আধিকারিক হিসেবে থাকছেন দময়ন্তী সেন। আগামী ১ জুন থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।
১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার দময়ন্তী সেন কলকাতা পুলিশের ইতিহাসে প্রথম মহিলা জয়েন্ট সিপি (ক্রাইম) হিসেবে দায়িত্ব সামলেছিলেন। পরবর্তীতে তিনি কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদেও ছিলেন। ২০১২ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। সেই সময় দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল।
তবে পরবর্তী সময়ে তিনি প্রশাসনিকভাবে অনেকটাই ‘কোণঠাসা’ হয়ে পড়েন বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। ২০২৩ সালে তাঁকে কলকাতা পুলিশ থেকে সরিয়ে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের এডিজি ও আইজিপি পদমর্যাদায় কর্মরত।
বরাবরই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত দময়ন্তী সেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন এবং স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন। প্রশাসনিক মহলে তাঁর দক্ষতা ও কঠোর তদন্ত পদ্ধতির জন্য বিশেষ পরিচিতি রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “রাজ্যে নারী ও শিশুদের উপর ঘটে যাওয়া সমস্ত গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
রাজনৈতিক মহলের মতে, নারী নির্যাতনের মামলাগুলির তদন্তে দময়ন্তী সেনকে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় আনা নতুন সরকারের কড়া অবস্থানেরই ইঙ্গিত। প্রশাসনিক সূত্রে খবর, কমিটি ইতিমধ্যেই বিভিন্ন পুরনো মামলার নথি সংগ্রহের কাজ শুরু করেছে।এখন নজর, নতুন এই তদন্ত কমিটি রাজ্যের বহুচর্চিত নারী নির্যাতনের মামলাগুলিতে কী কী তথ্য সামনে আনে এবং কী ধরনের পদক্ষেপের সুপারিশ করে।





