কোচবিহার, ১৭ মে: পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের জেলা কোচবিহারে ফিরলেন রথীন্দ্র বোস। কোচবিহারের ছেলে স্পিকার হওয়ায় জেলাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। রবিবার তাঁর আগমনকে কেন্দ্র করে শহরে উৎসবের পরিবেশ দেখা যায়।
নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের তোড়া, উত্তরীয় ও স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর। এরপর একটি খোলা গাড়িতে করে তাঁকে শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করানো হয়। স্টেশন থেকে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ নবনির্বাচিত স্পিকারকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাক-ঢোল ও আবিরে গোটা এলাকা উৎসবের রূপ নেয়। পরে মদনমোহন মন্দিরে পৌঁছে রথীন্দ্র বোস পুজো দেন। প্রাণের ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করেন রাজ্যের শান্তি ও মানুষের মঙ্গল কামনায়।
এদিন তিনি বলেন, “পশ্চিম বাংলার মানুষ যাতে ভালো থাকে, কোন অত্যাচারিত না হয় সেই কামনাই করলাম”। তিনি আরও বলেন, কোচবিহারের মানুষের আশীর্বাদেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। জেলার মানুষের ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।” তাঁর এই সাফল্যে কোচবিহারবাসীর মধ্যেও গর্ব ও আনন্দের আবহ তৈরি হয়েছে।





