শিলিগুড়ি, ১৭ মেঃ চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ফের সাফল্য পেল শিলিগুড়ি জংশন জিআরপি।ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল রেল পুলিশ।জানা গিয়েছে,শিলিগুড়ি জংশন ও সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে যাত্রীদের মোবাইল হারানো ও চুরির অভিযোগ জমা পড়েছিল জিআরপির কাছে।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে শিলিগুড়ি জংশন জিআরপি ও জিআরপির SOG টিম।মোবাইল ফোনগুলির লোকেশন ট্র্যাক করে শেষ পর্যন্ত সেগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
রবিবার শিলিগুড়ি জংশন জিআরপি থানায় প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়।দীর্ঘদিন পর নিজেদের মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
রেল পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন মোবাইলের প্রকৃত মালিকেরা।জিআরপি কর্তৃপক্ষ জানিয়েছে,যাত্রীদের নিরাপত্তা ও হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে ভবিষ্যতেও বিশেষ অভিযান চলবে।পাশাপাশি ট্রেনযাত্রীদের আরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।





