দিনহাটা, ১৭ মে: নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়কে স্বাগত জানাতে রবিবার দিনহাটায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। সকাল থেকেই দিনহাটা স্টেশন চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ জমায়েত হন। স্টেশন এলাকা কার্যত গেরুয়া আবির ও দলীয় পতাকায় ঢেকে যায়। উচ্ছ্বসিত সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
স্টেশন থেকে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে নবনির্বাচিত বিধায়ক অজয় রায়কে দিনহাটা সংহতি ময়দানে নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রায় অংশ নেন বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। মোটরবাইক মিছিল, ঢাক-ঢোল ও আবিরের মধ্য দিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয় শহর জুড়ে।
পরবর্তীতে দিনহাটা সংহতি ময়দানে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক মঞ্চের পক্ষ থেকে অজয় রায়কে সংবর্ধনা জানানো হয়। ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এদিন সংবর্ধনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেন অজয় রায়। তিনি বলেন, “দিনহাটায় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের কাউকেই ছাড়া হবে না। দুর্নীতিগ্রস্ত যে কোনও ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এছাড়াও তিনি দলীয় সংগঠন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন। অজয় রায় বলেন, “৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে যারা নতুন করে বিজেপিতে যোগ দিয়েছে, তাদের একটি তালিকা কলকাতায় তৈরি হয়েছে। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি।
একইসঙ্গে পুরনো বিজেপি কর্মীদের গুরুত্বের কথাও তুলে ধরেন নবনির্বাচিত বিধায়ক। তাঁর বক্তব্য, “আমাদের কাছে পুরনো ও সক্রিয় বিজেপি কর্মীরাই আসল সম্পদ। নতুনরা নয়।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে দলীয় সংগঠনের ভিত মজবুত করার পাশাপাশি পুরনো কর্মীদের প্রতি বার্তা দিতে চেয়েছেন তিনি।
অজয় রায়ের এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে দিনহাটায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস যেমন নজর কেড়েছে, তেমনই তাঁর বক্তব্য ঘিরে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





