মালদহ,৭ মেঃ ফের রাজনৈতিক খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার মালদহের ইংলিশ বাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এক বিজেপি সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম কিশাণ হালদার (২৮)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন ফোন করে কিশাণকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় কিশাণের আরও দুই বন্ধু আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী গোলাম হালদার, তাঁর ছেলে সুমন হালদার সহ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও খুনের নেপথ্যে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। যেখানে খুন করা হয়েছে, সেখানেই পড়ে থাকতে দেখা যায় রক্তমাখা বড় আকারের একটি হাঁসুয়া। সেই অস্ত্র উদ্ধার করে তদন্তকারীরা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।





