খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ১ মার্চ থেকে সিমকার্ড সক্রিয় না থাকলে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রাম ও সিগন্যাল-এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সিম সংশ্লিষ্ট ডিভাইসে সক্রিয় থাকতে হবে।
সরকারের মতে, এই ‘সিম-বাইন্ডিং’ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যাবে যে ব্যবহৃত নম্বরটি আসল এবং চালু রয়েছে। এতদিন পর্যন্ত ছয় সংখ্যার ওটিপি দিয়ে লগইন করার পর সংশ্লিষ্ট সিম ফোনে না থাকলেও অ্যাপ ব্যবহার করা যেত। কিন্তু নতুন নিয়মে তা আর সম্ভব হবে না। যদি সিম খুলে ফেলা হয় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তবে ওই নম্বরের অ্যাকাউন্ট নির্দিষ্ট ডিভাইসে কাজ করবে না।
কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর ২০২৫ সালেই এই নির্দেশ জারি করেছিল বলে সূত্রের খবর। মূল লক্ষ্য, ভুয়া নম্বরের অপব্যবহার ও সাইবার প্রতারণা রোধ করা। অভিযোগ, প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় করার পর সেই সিম নষ্ট করে দেয়। ফলে তদন্তকারী সংস্থার পক্ষে অপরাধীকে ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। নতুন ব্যবস্থায় প্রতিটি অ্যাকাউন্ট ভেরিফায়েড ও সক্রিয় সিমের সঙ্গে যুক্ত থাকলে ভুয়া প্রোফাইল চিহ্নিত করা সহজ হবে।
সরকারের নির্দেশ পাওয়ার পর মেটা কর্তৃপক্ষ নম্বর যাচাই প্রক্রিয়া আরও কঠোর করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে সাধারণ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়বে, যদিও কিছু ক্ষেত্রে ব্যবহার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। ডিজিটাল জগতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।





