দিল্লি, ২৭ জুলাইঃ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের রেশ এখনও কাটেনি। এক দিকে ২৬ দিনের অনশন শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অন্য দিকে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে কেন্দ্রকে নতুন করে চাপে ফেলল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ধৃতদের অবিলম্বে মুক্তি এবং সমস্ত মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার কড়া বার্তা দিয়েছে সংগঠনটি।
টানা ২৬ দিন অনশন করার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রের আশ্বাসের পর অনশন প্রত্যাহার করেন তিনি। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওয়াংচুক জানান, সরাসরি লাদাখে ফিরবেন না। প্রথমে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তারপর পাহাড়ে ফিরে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ পথে থাকার আহ্বান জানাবেন।
এদিকে পশ্চিমবঙ্গ, অসম ও বিহারে আন্দোলনকারী পড়ুয়া এবং প্রতিবাদীদের আটক ও গ্রেফতারের অভিযোগ তুলে সরব হয়েছে সিজেপি। সংগঠনের আহ্বায়ক সৌরভ দাস সমাজমাধ্যমে দাবি করেন, কেন্দ্রীয় সরকারের আশ্বাসের ভিত্তিতেই দেশজোড়া আন্দোলন স্থগিত করা হয়েছিল। সেই আশ্বাস অনুযায়ী বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার কথা ছিল।
সিজেপির অভিযোগ, বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সংগঠনের দাবি, তাদের আইনি দল ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে ধৃতদের আইনি সহায়তা এবং জামিনের ব্যবস্থা করছে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংয়ের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করারও দাবি জানিয়েছে তারা।
সিজেপির স্পষ্ট বার্তা, মঙ্গলবারের মধ্যে ধৃতদের মুক্তি, নথিভুক্ত সমস্ত এফআইআর প্রত্যাহার এবং এ বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে কেন্দ্রকে। তা না হলে আরও কঠোর কর্মসূচির পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হলে তা শুধু একটি সংগঠনের সঙ্গে নয়, দেশের লক্ষ লক্ষ তরুণের বিশ্বাসের সঙ্গেও বিশ্বাসঘাতকতা হবে।





