নয়াদিল্লি, ২৪ জুলাই: সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন। নিট প্রশ্নফাঁস নিয়ে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবু আন্দোলনের পথ থেকে সরছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে।
গত ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অবস্থান কর্মসূচি চালাচ্ছে সিজেপি। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি অনির্দিষ্টকালের অনশনে বসেন। পরে সংগঠনের ডাকে সংসদ অভিযানে নামে লক্ষাধিক পড়ুয়া। সেই কর্মসূচি ঘিরে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া এবং বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই আন্দোলন আরও তীব্র হয়।
বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার উপস্থিতিতে অনশন ভাঙেন ওয়াংচুক। কয়েকটি আশ্বাসের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়েছে সিজেপি। অভিজিৎ দীপ বলেন, ‘‘ওয়াংচুক স্যরের সিদ্ধান্তে আমরা স্বস্তি পেয়েছি। নিজের জীবন বাজি রেখে তিনি দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন। তাঁর জীবন দেশের কাছে অত্যন্ত মূল্যবান।’’
তবে সংগঠনের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি বলেই দাবি নেতৃত্বের। অভিজিতের কথায়, ‘‘যত দিন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছেন, তত দিন যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’’
এদিকে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপি নেতৃত্বের বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রের তরফে শীর্ষ মন্ত্রীরা আলোচনায় থাকতে পারেন বলে সূত্রের খবর। সেই বৈঠক আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে আপাতত আন্দোলন প্রত্যাহারের কোনও ইঙ্গিত দেয়নি সিজেপি।





