খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ এপ্রিলে বাংলার পাঁচ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচটি আসন-সহ দেশের মোট ৩৭টি আসনে নির্বাচন হতে চলেছে। বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসন নিশ্চিতভাবেই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পাবে বিজেপি । ফলে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরেই এখন জোর জল্পনা।
সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে একাধিক নাম ঘুরছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী-র স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী টিকিট পেতে পারেন। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী-র স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী-র নামও শোনা গিয়েছে। পাশাপাশি বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্র শেখর ঘোষ, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী-কনটেন্ট ক্রিয়েটার সৌরভ চন্দ্রের নাম নিয়েও চর্চা চলছে।
তবে তৃণমূলের এক শীর্ষ সূত্রের দাবি, এই জল্পনার কোনও বাস্তব ভিত্তি নেই। জনপ্রিয়তা বা তারকাখ্যাতির চেয়ে উচ্চকক্ষে পাঠানোর ক্ষেত্রে দল অভিজ্ঞ ও অদ্যন্ত রাজনৈতিক মুখকেই অগ্রাধিকার দিতে পারে। দলীয় নেতৃত্ব মনে করছে, রাজ্যসভায় এমন প্রতিনিধির প্রয়োজন, যিনি সংসদীয় কৌশল ও নীতিগত বিতর্কে সক্রিয় ভূমিকা নিতে সক্ষম।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহল ও জল্পনা জারি থাকছেই। রাজনৈতিক মহলের মতে, প্রার্থী নির্বাচনেই স্পষ্ট হবে আগামী দিনে সংসদে দলের কৌশলগত অবস্থান।





