খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ মার্চঃ একসময় মিটিং-মিছিলের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন এবার সেই প্রতীক উর রহমান-কেই দলের মুখপাত্র পদে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতীক উর রহমান দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং লালঝান্ডা হাতে নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক আন্দোলনে সামিল হয়েছেন। বিভিন্ন সভা-সমাবেশে তাঁর ঝাঁজালো বক্তব্যে তৃণমূল সরকারের নীতি ও কার্যকলাপের সমালোচনা উঠে এসেছে। এমনকি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভেঙে দেওয়ার দাবিও তুলেছিলেন তিনি।
তবে হঠাৎ করেই সেই অবস্থান থেকে সরে এসে তৃণমূল শিবিরে যোগদান এবং পরবর্তীতে মুখপাত্র পদে নিয়োগ এই ঘটনাকে অনেকেই ‘রাজনৈতিক ইউ-টার্ন’ বলেই ব্যাখ্যা করছেন। এখন দলের হয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই হবে তাঁর প্রধান দায়িত্ব।
তৃণমূলের একাংশের মতে, বিরোধী শিবির থেকে উঠে আসা মুখপাত্র দলের বক্তব্যকে আরও শক্তিশালী করে তুলতে পারে। অন্যদিকে বিরোধীদের দাবি, এই পদক্ষেপ আদর্শগত অবস্থানের পরিপন্থী এবং রাজনৈতিক সুবিধাবাদের উদাহরণ।
সব মিলিয়ে প্রতীক উর রহমানের এই নতুন দায়িত্ব গ্রহণ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, নতুন ভূমিকায় তিনি কতটা সফল হন।





