কলকাতা, ২৩ মার্চঃ বিধানসভা নির্বাচনের আগে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে রাজ্যে মোট প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যা নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই চলতি মাসের শুরুতে ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছেছে। আগামী ৩১ মার্চের মধ্যে আরও ৩০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এরপর ধাপে ধাপে বাকি বাহিনী রাজ্যে আসবে বলে জানা গিয়েছে।
এই বিপুল বাহিনী কোথায় ও কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছে কমিশন। সোমবার ডেপুটি কমিশনার মনীশ গর্গ-এর নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মনোজ কুমার আগরওয়াল-সহ একাধিক আধিকারিক। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ সুপার ও কমিশনারেটগুলির সঙ্গেও পৃথক বৈঠক করবে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আরও বিস্তৃত করা হয়েছে। শুধুমাত্র ভোটগ্রহণ কেন্দ্রেই নয়, বুথের বাইরেও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারবে বাহিনী। ভোটারদের ভয় দেখানো বা বাধা দেওয়ার অভিযোগ উঠলে পুনর্নির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।
এছাড়াও ‘ট্রাবল মঙ্গার’দের চিহ্নিত করে বিভিন্ন এলাকায় রুট মার্চের পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রুট ম্যাপ তৈরি করে বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, ছাপ্পা, বুথ দখল বা অশান্তির কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না।





