কলকাতা, ২৫ এপ্রিলঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নজিরবিহীন ভোটদানের হার দেখা গেল। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫২টি বুথে প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে এই উচ্চ ভোটদানের মাঝেই উঠে আসছে কিছু ভিন্ন চিত্র। চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, ১৫২টি বিধানসভার মধ্যে অন্তত ১০টিতে ভোটারের সংখ্যা কমেছে।
উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি সহ মালদহ, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক কেন্দ্রে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। তথ্য অনুযায়ী, সামশেরগঞ্জে সবচেয়ে বেশি ১৮.৯ শতাংশ ভোটার কমেছে। এছাড়া খড়্গপুর সদর, লালগোলা, ডাবগ্রাম-ফুলবাড়ি, ফাঁসিদেওয়া-সহ বিভিন্ন কেন্দ্রে ০.২ থেকে ৪.৭ শতাংশ পর্যন্ত ভোটার হ্রাস পেয়েছে।
রাজনৈতিক মহলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, যেসব কেন্দ্রে ভোটার কমেছে, তার বেশিরভাগই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, এই জেলাগুলির অনেক ক্ষেত্রেই মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশের বেশি। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে অভিযোগ উঠছিল বিশেষ সম্প্রদায়ের নাম বাদ যাওয়ার তা নতুন করে জোর পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এবার সামগ্রিকভাবে ভোটের হার বৃদ্ধির পিছনে SIR বড় কারণ হতে পারে। অনেক ভোটার নিজেদের নাম নিশ্চিত করতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। তবে এই ইস্যু ঘিরে বিরোধিতাও বাড়ছে, যা ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে। ফলে উচ্চ ভোটদানের এই প্রবণতা শেষ পর্যন্ত কার পক্ষে যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।





