খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ মার্চঃ রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে ওঠা বিতর্কের জেরে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে মালদহের চারটি বিধানসভা কেন্দ্র মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরে দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে শাসকদলের চাপের ফল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের অভিযোগ ছিল, বিহার ক্যাডারের আইপিএস অফিসার জয়ন্ত কান্তের স্ত্রী বিজেপির নেত্রী। ফলে তিনি কীভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে কমিশন। শেষ পর্যন্ত শনিবার কমিশন জানায়, জয়ন্ত কান্তকে ওই চার কেন্দ্রের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার হৃদয় কান্তকে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বিহার ক্যাডারের অফিসার। কমিশনের এই সিদ্ধান্তে রাজনৈতিক বিতর্ক কিছুটা প্রশমিত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
শুধু মালদহই নয়, রাজ্যের আরও একাধিক জেলায় পুলিশ পর্যবেক্ষকদের বদল করেছে কমিশন। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ও সাগরদিঘি কেন্দ্রের পর্যবেক্ষকদেরও সরানো হয়েছে। একইভাবে আসানসোলের জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি কেন্দ্রেও পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, পিংলা, খড়গপুর ও ডেবরা কেন্দ্রে নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা ও বনগাঁ উত্তর কেন্দ্রেও বদল আনা হয়েছে। তালিকায় রয়েছে হাবড়া, অশোকনগর ও আমডাঙা কেন্দ্রও।
সব মিলিয়ে মোট ৬ জন পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। তবে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত।





