দিনহাটা, ২৩ এপ্রিলঃ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই দিনহাটায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি দিনহাটা গার্লস উচ্চ বিদ্যালয়ের ৭/২৮৫ নম্বর বুথে ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, “ভোট দেওয়া আমার অধিকার, তাই ভোট দিলাম।”
এদিন দিনহাটার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে উদয়ন গুহ অভিযোগ করেন, কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে। তাঁর দাবি, ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। যদিও তিনি এটাও জানান, সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে।
উল্লেখ্য, এদিন রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে কোচবিহার জেলাতেও ৯টি আসনে ভোট চলছে। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য তৈরি করা হয়েছে ২,৬৭৭টি বুথ, যার মধ্যে ১৪০টি অক্সিলারি বুথ।
নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২ হাজারের বেশি রাজ্য পুলিশ। প্রতিটি সাধারণ বুথে দুটি করে সিসিটিভি ক্যামেরা এবং অতি স্পর্শকাতর বুথে তিনটি করে ক্যামেরা রাখা হয়েছে।
এবারের নির্বাচনের বিশেষ আকর্ষণ হিসেবে জেলায় ৫০০টি মহিলা পরিচালিত বুথ তৈরি করা হয়েছে। পাশাপাশি ১০টি মডেল বুথও রয়েছে। সব মিলিয়ে কড়া নজরদারির মধ্যেই কোচবিহারে ভোটগ্রহণ চলছে।





