বাগদা, ৩১ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে এবার জমে উঠতে চলেছে ‘ননদ-বউদি’ লড়াই। বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সোমা ঠাকুর-এর নাম। অন্যদিকে তৃণমূলের হয়ে ময়দানে রয়েছেন বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যিনি সম্পর্কে সোমা ঠাকুরের ননদ। ফলে ঠাকুরবাড়ির দুই সদস্যের সরাসরি রাজনৈতিক লড়াই ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
মতুয়া গড় হিসেবে পরিচিত বাগদা বিধানসভা কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। গত উপনির্বাচনে বড় জয়ের মাধ্যমে এই আসন দখল করেন মধুপর্ণা ঠাকুর এবং এবারও তাঁর উপরেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। নাম ঘোষণা হতেই প্রচারেও নেমে পড়েছেন তিনি।
অন্যদিকে, সক্রিয় রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও শান্তনু ঠাকুর-এর প্রচারে আগে থেকেই দেখা গিয়েছে সোমা ঠাকুরকে। বর্তমানে তিনি মতুয়া মাতৃসেনার প্রধান হিসেবেও পরিচিত।
তবে বিজেপির অন্দরেই প্রার্থী ঘোষণা ঘিরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, এলাকার কাউকে প্রার্থী করা উচিত ছিল। সেই দাবিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ কর্মীদের একাংশ ‘বিদ্রোহী’ সুরে হুঁশিয়ারি দিয়েছেন।
সব মিলিয়ে বাগদা কেন্দ্রে এবার পারিবারিক সম্পর্কের আবহে রাজনৈতিক লড়াই কতটা তীব্র হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





