মালদা,১৭ এপ্রিলঃ টাউন রেলওয়ে স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ধৃতরা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) এবং মহম্মদ সোনি (১৯)। তারা যথাক্রমে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা।
পুলিশ আরও জানিয়েছে, তিনজন একসঙ্গে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। তবে পরে এক দালাল তাদের ফেলে পালিয়ে যায়। ধৃত দুই ব্যক্তি চেন্নাইয়ে কাজের সন্ধানে যাওয়ার পরিকল্পনা করছিল বলে জেরায় স্বীকার করেছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে চাইছে, এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না এবং কীভাবে তারা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও তথ্য সংগ্রহের জন্য ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





