বীরভূম, ১ এপ্রিলঃ এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, তখন বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরে জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করতে যে খরচ লাগবে, তা বহন করবে তৃণমূল কংগ্রেস।
মমতা জানান, এসআইআর সংক্রান্ত মামলায় তিনি নিজে আদালতে গিয়েছিলেন। তাঁর দাবি, প্রথমে প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পরে ২২ লক্ষ নাম পুনরায় তোলা সম্ভব হলেও এখনও প্রায় ১৮ লক্ষ নাম বাদ রয়েছে। সেই সমস্ত মানুষকে ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আশ্বাস দেন, এই প্রক্রিয়ায় যাতে আর্থিক অসুবিধা না হয়, তার জন্য দল পাশে থাকবে।
ফর্ম ৬ জমা নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাইরে থেকে নাম এনে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছিল। এবিষয়ে সুপ্রিম কোর্ট-ও স্পষ্ট নির্দেশ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিনই সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, দ্রুত ট্রাইব্যুনালের জন্য প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং বৃহস্পতিবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে।
নানুরে বিধানচন্দ্র মাঝি-র সমর্থনে আয়োজিত সভা থেকে মমতা আরও দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের কর্মীরা, বিশেষত বিএলএ-১ ও বিএলএ-২ কর্মীরা। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মধ্যে বহু সরকারি কর্মীর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
সব মিলিয়ে, ভোটের আগে এসআইআর ইস্যুতে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





