মালদা, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই আবহেই নিজের গ্রাম থেকে প্রচার শুরু করে প্রথম দিনেই ব্যাপক জনসমর্থন পেলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মতিবুর রহমান। রাজনৈতিক মহলের মতে, তিনবারের বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রীকে বদলে তাঁকে প্রার্থী করা থেকেই তাঁর গুরুত্ব স্পষ্ট হয়েছিল।
প্রচারের প্রথম দিনেই নিজের গ্রাম কমলাবাড়ি থেকে শুরু করে হরদমনগর সহ একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ সারেন মতিবুর রহমান। কোথাও পায়ে হেঁটে, কোথাও মোটরবাইকে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। তাঁর এই সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন মতিবুর রহমানকে ঘিরে কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গিয়েছে, তেমনই সাধারণ মানুষও তাঁকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে এক অশীতিপর বৃদ্ধের মন্তব্য ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। তিনি আশীর্বাদ করে বলেন, “গরিবের বন্ধুকে ভোট দেব বলেই হয়তো এখনও বেঁচে আছি।” এই কথায় মুহূর্তের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেকেই।
প্রচারের ফাঁকেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মতিবুর রহমান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও সবসময় মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।
এই প্রসঙ্গে মতিবুর রহমান বলেন, “মানুষ আমাদের সঙ্গে আছে। গরিবের বন্ধুর পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের পাশে আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব।”
সব মিলিয়ে প্রচারের প্রথম দিনেই যে জনসমর্থনের ছবি সামনে এল, তাতে বেশ আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। এখন দেখার, এই জনসমর্থন ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়।





