মনিরুল হক, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে প্রচারে তুঙ্গে রাজনৈতিক দলগুলি। এই আবহেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নজিরবিহীন ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক সরাসরি বিজেপির বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে-এর বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করলেন।
শনিবার কোচবিহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রচারে যান অভিজিৎ দে ভৌমিক। সেখানেই প্রচার করতে গিয়ে তিনি নিখিল রঞ্জন দে-র বাড়িতে পৌঁছন। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন, কিছু সময় কথাবার্তা বলেন এবং ভোটের আবেদন জানান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
জানা গিয়েছে, ২ নম্বর ওয়ার্ডটি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ অংশ। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭৩১, যার মধ্যে কিছু ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলেও সূত্রের খবর। এই এলাকায় বসবাস করেন বিজেপির বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে প্রায় ৪৯৩১ ভোটে পরাজিত করেছিলেন নিখিল রঞ্জন দে। সেই নির্বাচনে বিজেপি পেয়েছিল ৯১,৫৬০ ভোট এবং তৃণমূল পেয়েছিল ৮৬,২২৯ ভোট। যদিও পরাজিত হওয়ার পরেও অভিজিৎ দে ভৌমিক এলাকায় উন্নয়নমূলক কাজ চালিয়ে গিয়েছেন বলে দাবি তৃণমূলের।
এবারের নির্বাচনে বিজেপি বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে-কে প্রার্থী না করে শিলিগুড়ির বাসিন্দা রথিন বোস-কে প্রার্থী করেছে। ফলে এই কেন্দ্রে এবার সরাসরি লড়াই হতে চলেছে অভিজিৎ দে ভৌমিক এবং রথিন বোসের মধ্যে।
এই প্রেক্ষাপটেই নিখিল রঞ্জন দে-র বাড়িতে গিয়ে ভোট চাওয়াকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। এ বিষয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমি নির্বাচনে দাঁড়িয়েছি, তাই সবার কাছে ভোট চাওয়া আমার গণতান্ত্রিক অধিকার। নিখিলবাবুও এই ওয়ার্ডের ভোটার, তাই তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছি এবং ভোট প্রার্থনা করেছি।”
অন্যদিকে নিখিল রঞ্জন দে এই ঘটনাকে স্বাভাবিক বলেই উল্লেখ করেছেন। তাঁর কথায়, “যে কেউ ভোট চাইতে আসতে পারে। আমি এখনও বিধায়ক। গতবার আমি তাঁকে প্রায় ৫ হাজার ভোটে হারিয়েছিলাম। আজ তিনি আমার বাড়িতে এসে ভোট চেয়েছেন। আমি বলেছি, মানুষ যাকে আশীর্বাদ করবে, সেই জিতবে।”
এদিকে, বিজেপির বিরুদ্ধে এলাকায় ক্ষোভের কথাও সামনে এসেছে। অভিযোগ, প্রচারে গেলে কিছু এলাকায় বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।
সব মিলিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের লড়াই এবার বেশ জমজমাট হয়ে উঠেছে। একদিকে তৃণমূলের অভিজিৎ দে ভৌমিক, অন্যদিকে বিজেপির নতুন মুখ রথিন বোস। তার মধ্যে প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূল প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসবে, তা এখন সময়ই বলবে।





