মনিরুল হক, কোচবিহারঃ ভোটের ময়দানে প্রতিশ্রুতি আর প্রচারের ভিড়ে মাঝেমধ্যেই উঠে আসে ভিন্নধর্মী কিছু ছবি, যা সরাসরি মানুষের মন ছুঁয়ে যায়। ঠিক তেমনই এক দৃশ্য ধরা পড়ল কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায়। মা-মাটি-মানুষের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক মাঠে নেমে নিজেই ট্রাক্টর চালিয়ে কৃষকের কাজে সাহায্য করলেন।
সোমবার দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার ১২৬ নম্বর বুথে প্রচারে গিয়ে তিনি দেখতে পান, স্থানীয় বাসিন্দা সুকুমার রায় তার জমিতে পাট চাষের জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন। সেই দৃশ্য দেখে আর নিজেকে আটকাতে পারেননি প্রার্থী। সরাসরি ট্রাক্টরে উঠে নিজেই জমি চাষ করতে শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে কৃষকের পাশে থেকে এই কাজে অংশ নেন অভিজিৎবাবু।
এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে আপ্লুত হন এবং অনেকেই এটিকে “মানুষের কাছে পৌঁছনোর বাস্তব প্রয়াস” হিসেবে দেখছেন। ভোটের সময়ে সাধারণত প্রতিশ্রুতি বা বক্তৃতা শোনা যায়, কিন্তু মাঠে নেমে এমন কাজ সচরাচর দেখা যায় না বলেই মত অনেকের।
এদিন প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, কৃষক বন্ধুর সাথে কাজে হাত লাগালাম। আমার এক কৃষক বন্ধু জমি ট্রাক্টর দিয়ে চাষ করলাম। ভালো লাগলো। আমি সবটাই পারি। মা মাটি মানুষের পার্টি তো সবে জানতে হয়।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের পাশে থাকতে হলে তাদের কাজকর্মও জানতে হবে। মা-মাটি-মানুষের দলের কর্মী হিসেবে সব কাজই শিখতে হয়।’
ভোটের আবহে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে মানুষের মনে প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের সরাসরি জনসংযোগ আগামী দিনে ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।





