কলকাতা, ২২ মার্চঃ বাংলার ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মেনে ভোটারদের আপত্তি-অভিযোগ নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে, যেখানে দায়িত্বে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য এখনও বিচারাধীন। এর মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার ভোটারের নিষ্পত্তি হয়েছে। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। এই তালিকায় যাঁদের নাম থাকবে না বা বাদ যাবে, তাঁরা ট্রাইবুনালে আপিল জানাতে পারবেন।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার কিছু অংশের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আপিল শুনবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায়। কোচবিহারে প্রণবকুমার দেব এবং মালদহে সিদ্ধার্থ রায়চৌধুরী দায়িত্বে রয়েছেন।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ বিভিন্ন জেলার জন্য পৃথক বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আপিল করার জন্য রাখা হয়েছে দুটি পদ্ধতি অনলাইন ও অফলাইন। অনলাইনে ECI Net অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের দফতরে অফলাইন আবেদনও গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় মোট ৬ কোটি ৪৪ লক্ষের বেশি ভোটারের নাম ‘যোগ্য’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, আর প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত রয়েছেন। সমস্ত আপিল নিষ্পত্তি হলে ট্রাইবুনালগুলির কার্যকাল শেষ হবে বলে জানিয়েছে কমিশন।





