খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: শিলিগুড়ির প্রধাননগর এলাকায় টোটো চুরির একটি ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে চার ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্বস্তি পেলেও টোটো চালকদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোর মালিক রমজান আলি বৃহস্পতিবার দুপুরে জংশন এলাকায় পূর্ব এসজেডিএ অফিসের সামনে নিজের টোটোটি দাঁড় করিয়ে পাশের একটি হোটেলে খাবার খেতে যান। টোটোতে বারকোড নম্বর লাগানো ছিল বলে জানা গেছে। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, টোটোটি আর সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না পেয়ে তিনি প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই প্রধাননগর থানার অ্যান্টি-ক্রাইম উইং দ্রুত তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রথমে দশরথপল্লির বাসিন্দা উত্তম সূত্রধরকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় সে টোটো চুরির কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রেগুলেটেড মার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাত্র তিন থেকে চার ঘণ্টার মধ্যেই গোটা ঘটনার কিনারা করা সম্ভব হয়েছে। শুক্রবার অভিযুক্ত উত্তম সূত্রধরকে গ্রেপ্তার দেখিয়ে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনার পর টোটো চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। রাস্তার ধারে বা জনবিরল স্থানে টোটো ফেলে রেখে না যাওয়া এবং প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও বলা হয়েছে। পাশাপাশি এই চুরির ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।





