কোচবিহার, ৩০ মার্চঃ অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন অভিনেতা তথা সাংসদ দেব। কোচবিহারের চান্দামারিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে রাহুলের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন তিনি।
দেব জানান, “রাহুলের চলে যাওয়ায় ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে খুবই বিশেষ।” তিনি আরও বলেন, রাহুল অভিনীত একটি ছবিতে তিনি আইটেম গানে নাচ করেছিলেন। সেই কাজের সময় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। “আমরা একসঙ্গে শপিংয়েও গিয়েছিলাম। খুব প্রাণবন্ত মানুষ ছিল রাহুল,” স্মৃতিচারণায় জানান দেব।
সমুদ্রের জলে পড়ে রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে দেব বলেন, এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তিনি রাহুলের পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানান।
এদিন কোচবিহারের চান্দামারিতে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন দেব। প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাহুলের প্রসঙ্গে কথা বলেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সহকর্মীর মৃত্যুতে তাঁর এই আবেগঘন প্রতিক্রিয়া নজর কেড়েছে সকলের।
টলিউডের তরুণ প্রজন্মের মধ্যে রাহুল ছিলেন অন্যতম প্রতিভাবান অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। তাঁর এই অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।





