মালদা, ১৩ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদহ জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই জেলায় পৌঁছে গিয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি আরও প্রায় ১০০ কোম্পানি বাহিনী শীঘ্রই এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। প্রশাসনের দাবি, এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা ও বুথ জ্যামমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের তরফে জানানো হয়, জেলার অতি স্পর্শকাতর বুথগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদেরও তালিকাভুক্ত করা হয়েছে।
জেলাশাসক জানান, ভোটে কোনওরকম অশান্তি বা গোলমাল বরদাস্ত করা হবে না। কোথাও ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি পোলিং বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া যেসব এলাকায় একাধিক বুথ রয়েছে, সেখানে এক থেকে দুই সেকশন পর্যন্ত বাহিনী মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এবারের ভোটে সিভিক ভলান্টিয়ার বা গ্রীন পুলিশদের কোনওরকম আইনশৃঙ্খলা রক্ষার কাজে লাগানো যাবে না। ভোটের তিনদিন আগে থেকেই তাঁরা ইউনিফর্ম পরে বাইরে বের হতে পারবেন না বলেও জানানো হয়েছে।
এদিকে, সমস্ত বুথ ও আশপাশ এলাকায় ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবারের ভোট গণনার কাজ মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে সম্পন্ন হবে।
সবমিলিয়ে, মালদহে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক স্তরে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।





