মাথামাঙ্গা, ২ মেঃ মাথাভাঙ্গা-শীতলকুচি রাজ্য সড়কের অ্যালংমারি এলাকায় শুক্রবার রাতে এক দুর্ঘটনায় আহত হলেন তিন যুবক। জানা গিয়েছে, শীতলকুচি থেকে একটি মোটরবাইকে করে ভোজনেরছড়া এলাকার তিনজন মাথাভাঙ্গার দিকে আসছিলেন। সেই সময় নির্মীয়মান একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দুজনের চোট গুরুতর। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় সেতু নির্মাণের কাজ চললেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কীকরণ নেই। এর ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।





