খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ রাজনৈতিক টানাপোড়েনের আবহের মধ্যেই পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে দেখা গেল সৌজন্যের নজির। রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (আর এন রবি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আন্তরিক আচরণে আপ্লুত হন নতুন রাজ্যপাল এবং তাঁর স্ত্রী লক্ষ্মী রবি।
বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী লোকভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেই সময় রাজ্যপাল শপথ মঞ্চে না পৌঁছলেও সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী রবি। মুখ্যমন্ত্রী তাঁকে দেখেই এগিয়ে গিয়ে আলাপ করেন। কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে যোগ দেন। তাঁদের সঙ্গে বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এরপর শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ শেষে প্রথা মেনে আয়োজন করা হয় চা চক্রের। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিজে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান নতুন রাজ্যপাল। আলাপচারিতার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্ববাংলা স্টল থেকে আনা উত্তরীয় রাজ্যপাল আর এন রবির গলায় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইভাবে রাজ্যপালের স্ত্রী লক্ষ্মী রবিকেও উত্তরীয় পরিয়ে সম্মান জানান তিনি। হাসিমুখে রাজ্যপালের স্ত্রীর পিঠে হাত রেখে মমতা বলেন, “আমার সঙ্গে বউদির আগেই আলাপ হয়ে গিয়েছে।” এরপর একসঙ্গে ছবিও তোলেন সবাই।
উল্লেখ্য, রাজভবন ও নবান্নের সম্পর্ক অতীতে বহুবার তিক্ত হয়েছে। বিশেষ করে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সময় সেই সংঘাত প্রকাশ্যে আসে। পরবর্তীকালে সি ভি আনন্দ বোসের সঙ্গেও রাজ্য সরকারের মতবিরোধ দেখা গিয়েছিল। গত ৫ মার্চ আচমকা আনন্দ বোসের ইস্তফায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তাঁর ইস্তফার কারণ এখনও স্পষ্ট হয়নি।
নবনিযুক্ত রাজ্যপালকে নিয়েও আগে সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে শপথ গ্রহণের দিন তাঁর সৌজন্যমূলক আচরণে মুগ্ধ হয়েছেন আর এন রবি। ভবিষ্যতে রাজ্য ও রাজভবনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





